Header AD

মেট্রোপলিটন এলাকায় মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই! ট্যাংরা থেকে ধৃত দুই

প্রতিদিনের মতো প্রাতঃ ভ্রমণ সেরে বাড়ি ফিরছিলেন এক মহিলা। হঠাৎই তাঁর গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় তিন দুষ্কৃতি। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিকেলের মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। এছাড়াও ছিনতাই যাওয়া সোনার চেনটিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, রীনা দাস নামের ওই মহিলা রবিবার প্রাতঃভ্রমণ সেরে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। প্রগতি ময়দান থানার অন্তর্গত মেট্রোপলিটন এলাকায় রীনার বাড়ি। তাঁর বাড়ির সামনেই ঘটে এই ঘটনাটি।
জানা গিয়েছে, রীনা দেবীর গলায় ছিল একটি সোনার চেন। হঠাৎ ঝড়ের গতিতে বাইকে চড়ে তিন যুবক তাঁর কাছে আসেন। কিছু বুঝে ওঠার আগেই আচমকা মহিলার গলা থেকে সোনার চেনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তাঁরা। দ্রুত থানায় খবর দেন রীনা। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

সূত্রের খবর, ধৃতরা ট্যাংরার ডিসি দে রোডের বাসিন্দা। ওই এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ ১০ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম এসকে সাবির (২১) এবং মহম্মদ দৌলত ওরফে রোহিত। পুলিশের দাবি জেরায় দু’জনেই সোনার চেন ছিনতাইয়ের কথা স্বীকার করে নিয়েছেন । সোমবার দুই অভিযুক্তকে আদালতে হাজির করানো হবে । তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।