ফের SIR আতঙ্কে মৃত্যু ঘটল দমদমে। মৃতের নাম বৈদ্যনাথ হাজরা। দক্ষিণ দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাগেরবাজারের আরএন গুহ রোডের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর পরিবারের অভিযোগ, ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যা করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে অনেককে জিজ্ঞাসা করছিলেন এবং বেশ উদ্বিগ্ন ছিলেন। এরপর যখন দেখেন ২০০২ সালের তালিকায় বৈদ্যনাথের বাবা-মায়েরও নাম নেই তখন তিনি রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়েন। দম্পতির ২ সন্তান। বড় ছেলে কলেজের প্রথম বর্ষে লেখাপড়া করছেন, মেয়ে পঞ্চম শ্রেণির পড়ুয়া। পরিবারের বাকিরা সান্ত্বনা দিলেও নিশ্চিন্ত হতে পারেননি বৈদ্যনাথ।
মৃত বৈদ্যনাথের স্ত্রী জানিয়েছেন, এসআইআর নিয়ে কিছুদিন ধরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। রবিবার রাত ২টোর পর হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান বৈদ্যনাথ। মোবাইল ফোনও সঙ্গে নেননি তিনি। ঘর থেকে বেরনোর CCTV ফুটেজ রয়েছে। কিন্তু মোবাইল ফোন না নেওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। খোঁজ না পেয়ে বৈদ্যনাথের স্ত্রী পুলিশের দ্বারস্থ হন। সোমবার ভোরে নাগেরবাজারের আরএন গুহ রোডের কাছে একটি গাছ থেকে বৈদ্যনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।





