Header AD
Trending

হাওড়ার বালিতে চলন্ত বাসে আগুন! এখন পরিস্থিতি স্বাভাবিক, যাত্রীরা নিরাপদ

চলন্ত বাসে আগুন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাওড়ার বালির ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের কোনও খবর নেই এখনও। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বালি হল্টের কাছে ধুলাগড়-নয়াবাদ রুটের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত বালি ট্রাফিক পুলিশের টহলদার বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বাসে থাকা ২৫-৩০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলবাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে লাগল ওই আগুন, তা এখনও স্পষ্ট নয়। অফিসটাইমে ওই এলাকায় বাসে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে সৃষ্টি হয় যানজটের। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

উল্লেখ্য, অতীতেও রাজ্যের বিভিন্ন জেলার রাস্তায় চলন্ত বাস বা গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সম্প্রতি বাগুইআটি উড়ালপুলের নীচে একটি গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে এবং চোখের নিমেষে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি।