১০ হাজার বছর পর ফের জেগে উঠল ইথিওপিয়ার ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি। ভয়াবহ সেই অগ্নুৎপাতের ছাই এসে পৌঁছল দিল্লিতেও। যার জেরে উড়ান চলাচল ব্যাহত হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিমানগুলির জন্য। তবে সাধারণ মানুষের এখনই সেরকম দুশ্চিন্তার কোনও কারণ নেই। আবহবিদদের মতে ভূপৃষ্ঠ থেকে অন্তত ২৫ হাজার ফুট উচ্চতায় ভাসছে এই ছাই । দিল্লি থেকে এই ছাই ধীরে ধীরে ভেসে যাচ্ছে উত্তর-পূর্ব দিকে।
দেশের সকল উড়ানের জন্য ডিজিসিএ সতর্কবার্তা জারি করেছে। সেখানে বলা হয়েছে, অগ্নুৎপাতের কথা মাথায় রেখে বিমানের যাত্রাপথ স্থির করতে হবে উড়ান সংস্থাগুলিকে। যে সমস্ত জায়গায় আগ্নেয়গিরি থেকে অতিমাত্রায় ছাই বেরচ্ছে সেগুলি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কত উচ্চতায় বিমান ওড়ানো যাবে তা নিয়েও পাইলটদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি পাইলটদের নির্দেশ দেওয়া হয়েছে, বিমানের মধ্যে কোনও গন্ধ পেলে অথবা ইঞ্জিনসহ অন্যান্য যন্ত্র বিকল হলে সঙ্গে সঙ্গে জানাতে হবে।
আবহবিদদের মতে, সোমবার রাতেই যোধপুর-জয়সলমের হয়ে ভারতে ঢুকেছে এই ইথিওপিয়ার ছাই। কিছুটা ছাই দেখা যেতে পারে গুজরাটেও। এছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানার কিছু অংশেও ভেসে আসবে ছাই। যার ফলে আকাশ বেশ কিছুটা ঘোলাটে দেখাতে পারে। পাশাপাশি সূর্যোদয়ের সময়েও আকাশের রং খানিকটা অস্বাভাবিক লাগতে পারে। কিছু জায়গায় আকাশ থেকে ছাই ঝরেও পড়তে পারে, যদিও সেই সম্ভাবনা খুবই কম। যেহেতু ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতায় রয়েছে ছাই , তাই আপাতত দূষণজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, প্রায় দশ হাজার বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি। বিজ্ঞানীরা যাকে বিরল ঐতিহাসিক প্রাকৃতিক ঘটনা বলছেন। বিগত দশ হাজার বছর ঘুমিয়ে থাকা ইথিওপিয়ার ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি রবিবার জেগে উঠেছে। শুরু হয়েছে ভয়ংকর অগ্ন্যুৎপাত। যার জেরে গোটা বিশ্বের উড়ান চলাচল ব্যাহত হচ্ছে।





