Header AD

SSC সংক্রান্ত সব মামলা কলকাতা হাই কোর্টই শুনবে, তবে ‘অযোগ্য নিয়োগ নয়’, নির্দেশ সুপ্রিম কোর্টের

এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা ফের কলকাতা হাই কোর্টই (High Court) শুনবে। বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেছে। অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী, অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে মামলা ও এসএসসি সংক্রান্ত আরও যা মামলা রয়েছে এবার থেকে তা শুনবে কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোনও ভাবেই অযোগ্যদের নিয়োগ করা যাবে না।

এসএসসি শিক্ষক নিয়োগের একাদশ-দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক মামলা হয় কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে। অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের ইন্টারভিউতে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। সেই বিষয়ে এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কোনও অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা যাবে না। পাশাপাশি এসএসসিকে ফের অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা বলেছে দেশের শীর্ষ আদালত। শুধু নাম, পরিচয় নয় সেই তালিকায় অযোগ্যদের সমস্ত তথ্য থাকতে হবে বলেও জানিয়েছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, অভিজ্ঞতার নিরিখে চাকরিপ্রার্থীদের অতিরিক্ত দশ নম্বর দেওয়া নিয়েও প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, হাই কোর্ট সেই মামলাও শুনবে। নতুন চাকরিপ্রার্থীদের পরীক্ষা দেওয়া নিয়েও সওয়াল-জবাব হয় আদালতে। সব কিছু শোনার পর সুপ্রিম কোর্ট সমস্ত মামলা কলকাতা হাই কোর্টে পাঠিয়ে দিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে মামলা দায়ের হয়েছে আগেই। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কেউ যদি মামলা প্রত্যাহার করতে চায় তা করতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ সংক্রান্ত কোনও মামলা আর শুনবে না।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করে। গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টে। নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় এসএসসি। আদালতের নির্দেশ মেনে পরীক্ষা হয়। সময় মতো ফল প্রকাশও হয়। ইন্টারভিউতে ডাক পেতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। ফল প্রকাশের পর একাধিক প্রশ্ন তুলে মামলা হয় উচ্চ ও শীর্ষ আদালতে। তার পরিপ্রেক্ষিতেই বুধবার এসএসসি সংক্রান্ত সব মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট।