মর্মান্তিক দুর্ঘটনা হরিয়ানায়। বাস্কেটবলের পোল বুকের উপর পড়ে মৃত্যু নবাগত বাস্কেটবল প্লেয়ারের। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। অনুশীলনের সময় ১৬ বছর বয়সি হার্দিক রাঠির বুকের উপর আচমকা ভেঙে পড়ে বাস্কেটবলের পোল। বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। সূত্রের খবর, মঙ্গলবার রোহতকের লখন মাজরায় অনুশীলন করছিল জাতীয় স্তরের বাস্কেটবল প্লেয়ার হার্দিক । সিসিটিভি ফুটেজে দেখা যায় থ্রি পয়েন্ট লাইন ড্রিলের সময় ঘটে দুর্ঘটনাটি। অর্থাৎ, বল বাস্কেটবলের বাস্কেটে ফেলে ঝুলে থাকা। ঠিক সেই সময়ই পোলটি ভেঙে তাঁর বুকের উপর এসে পড়ে। যন্ত্রণায় কাতড়াতে থাকে হার্দিক। তড়িঘড়ি বন্ধুরা তাঁকে বাঁচানোর জন্য পোলটি তুলে ফেলে। কিন্তু তাতেও বাঁচানো যায়নি ।
সম্প্রতি জাতীয় দলে নির্বাচিত হয়েছিল হার্দিক। তার বাবা সন্দীপ রাঠি জানিয়েছেন, ট্রেনিং ক্যাম্প থেকে কদিন আগেই ফেরে সে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর হার্দিকের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
উল্লেখ্য, সম্প্রতি হরিয়ানারই বাহাদুরবাগ জেলায় একইভাবে মৃত্যু ঘটে আরেক কিশোরের। অনুশীলনের সময় ১৫ বছর বয়সি বাস্কেটবল খেলোয়াড় আমনের উপর পোল ভেঙে পড়ে। মাথার ভিতরে রক্তক্ষরণের ফলে সোমবার রোহতকেরই এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। আমনের পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে তার যথাযথ চিকিৎসা হয়নি। পরপর দুই মর্মান্তিক ঘটনায় দুই উঠতি প্রতিভার মৃত্যুতে হরিয়ানার ক্রীড়া পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন।





