ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সল্টলেকের অফিসপাড়ায়। বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। আহত হয়েছেন আরও ১ জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম আরতি দাস। তিনি পানিহাটিতে থাকেন। সঙ্গে আহত হয়েছেন তাঁর স্বামী অসীম দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে সল্টলেক কলেজ মোড়ের কাছে তথ্যপ্রযুক্তি এলাকায় ছেলেকে খুঁজতে এসেছিলেন বৃদ্ধ দম্পতি। প্রায় ২ মাস ছেলের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারছিলেন না। তাঁকে খুঁজতেই সোদপুর থেকে সল্টলেক এসেছিলেন দুজন। রাস্তা পার হওয়ার সময় একটি বেসরকারি বাস ধাক্কা মারে তাঁদের। রাস্তায় ছিটকে পড়েন দু’জনে। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন।
সাম্প্রতিক কালে কলকাতা সংলগ্ন অঞ্চলে বেপরোয়া বাস ও গাড়ির ধাক্কায় বহু মৃত্যুর খবর শিরোনামে উঠে এসেছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে বাস মালিক ও চালকদের নিয়ে বৈঠক ও সচেতনতার পাঠ দেওয়া হলেও চালকদের টনক নড়েনি। যাত্রীদের একাংশের অভিযোগ , অফিস টাইমে বাসের চালকরা নিজেদের মধ্যে রেষারেষি করেন। এদিকে বাসের বাইরে কার্যত বাদুরঝোলা অবস্থায় ঝোলেন যাত্রীরা। চালকদের কোনও হুঁশ থাকে না। দ্রুত গতিতে চলতে থাকা বাসের সামনে কেউ চলে আসলে তা এড়াতেও পারেন না চালকরা। তারই পরিণতি পরপর দুর্ঘটনা।





