Header AD

উত্তরবঙ্গে কৃষি-হস্তশিল্পে নতুন দিশা! গড়ে উঠছে রপ্তানি হাব

রাজ্যের কৃষিজাত ও হস্তশিল্পের প্রসারের লক্ষ্যে সরকারি উদ্যোগে শীঘ্রই চারটি রপ্তানি হাব গড়ে উঠবে। বৈদেশিক বাণিজ্যে উৎসাহ বাড়াতেই রাজ্য সরকার এই হাব গুলি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে তৈরি হবে একটি পৃথক রপ্তানি হাব, যা কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর-সহ উত্তরের মোট ছয়টি জেলা নিয়ে গঠিত হবে। সরকারি মহলের আশা, এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গের কৃষিজ পণ্য, হস্তশিল্প, প্রক্রিয়াজাত খাদ্য এবং ক্ষুদ্র শিল্পোদ্যোগগুলির রপ্তানির ক্ষেত্রে নতুন দিশা খুলে যাবে।

সম্প্রতি রায়গঞ্জে এই প্রকল্পের প্রথম পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রপ্তানি-সংক্রান্ত বিভিন্ন ব্যবসায়ী, সংস্থার প্রতিনিধি এবং যাঁরা নতুন করে বৈদেশিক বাণিজ্যে যুক্ত হতে ইচ্ছুক সেই উৎপাদকরা। সূত্রেও খবর এই বৈঠকে রপ্তানি বাড়ানোর বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথাও বলা হয়। তাছাড়া উত্তরবঙ্গের কোন কোন পণ্য আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলতে পারে, রপ্তানির প্রক্রিয়া কীভাবে আরও সহজ ও দ্রুত করা যায় এবং পরিবহণের আরও কীভাবে সুবন্দবস্ত করা যায়—সেসব বিষয় নিয়েও বৈঠকে বিস্তৃত আলোচনা হয়। রপ্তানি বৃদ্ধি পেলে কৃষক, হস্তশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বৈঠকে জমা পড়া সব প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই উত্তরবঙ্গ রপ্তানি হাবের পরিকাঠামো, পরিষেবা এবং কর্মপদ্ধতি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। রাজ্য সরকারের দাবি, এই হাব স্থাপনের ফলে উত্তরবঙ্গের উৎপাদকদের জন্য আন্তর্জাতিক বাজারে পৌঁছনোর পথ আরও সুগম হবে।