Header AD

স্টক মার্কেটে বিনিয়োগের নামে ৩৬ লক্ষ টাকা প্রতারণা চিকিৎসককে! সিআইডির জালে জালিয়াত

এক চিকিৎসকের সঙ্গে ৩৬ লক্ষ টাকার প্রতারণা হয়। সাইবার জালিয়াতির (Cyber Crime) সেই মামলার তদন্তে নেমে বুধবার রাতে অসমের কামরূপ থেকে অভিযুক্ত জালিয়াতকে গ্রেপ্তার করল সিআইডি। এই প্রতারণা মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করলেন রাজ্যের গোয়েন্দারা। এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, ২০২৪ সালে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে একটি বিনিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন প্রতারিত চিকিৎসক। তারপর তাঁকে একটি হোয়াসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। দু’মাস ধরে স্টক মার্কেটে (Stock Market) কীভাবে বিনিয়োগ করতে হয়, সেই সংক্রান্ত ট্রেনিং দেওয়া হয় তাঁকে। তারপর শুরু হয় টাকা নেওয়ার পালা । চিকিৎসককে ভুল বুঝিয়ে ধাপে ধাপে ৩৬ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। তারপর তিনি যখন সেই টাকা ফেরত চান, তখনই বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এরপর প্রতারিত চিকিৎসক বারাসত থানায় দ্বারস্থ হন। পুলিশের কাছে সাইবার জালিয়াতির অভিযোগ জানান তিনি। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তে নেমে গোয়েন্দারা একে একে চার প্রতারককে গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে জাহিরুল ইসলামের। বুধবার অসম থেকে অভিযুক্ত জাহিরুলকে গ্রেপ্তার করে সিআইডি। তদন্তকারীদের অনুমান, এই প্রতারণা চক্রে আরও অনেকে জড়িত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।