Header AD
Trending

ভারতীয় উপকূল রক্ষাবাহিনীর হাতে আটক ১৫ বাংলাদেশি মৎসজীবী, অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু

ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের চেষ্টায় ধরা পড়ল ১৫ জন বাংলাদেশি মৎসজীবী। ট্রলার-সহ তাদের আটক করা হয় ভারতের জলসীমানায়। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরে। ভারতীয় উপকূল রক্ষীবাহিনী প্রতিদিনের মতো কড়া নজর রেখেছিল। সেসময় ভারতীয় জলসীমার মধ্যে ওই ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই ট্রলার সহ মৎস্যজীবীদের গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ‘আল্লা মালিক’ নামে ওই ট্রলারে মোট ১৫ জন বাংলাদেশি‌ মৎস্যজীবী ছিলেন। তাঁদের আটক করে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়। পরে ওই বাংলাদেশি মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ধৃত ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতরে অবৈধভাবে মৎস্য শিকারের মামলা রুজু করেছে এবং আজ মঙ্গলবার তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, নভেম্বর মাসের মাঝামাঝি একইভাবে প্রচুর সংখ্যায় বাংলাদেশি মৎস্যজীবী দফায় দফায় ভারতের জলসীমায় অনুপ্রবেশ করেছিল। সেসময়ও তাঁদের পাকড়াও করে উপকূল রক্ষীবাহিনী। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কেন এই অনুপ্রবেশ? মাছ ধরার সময় নিছকই সীমানা ভুল করা? নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে? সেই প্রশ্ন থাকছেই। সম্প্রতি দিল্লি বিস্ফোরণের পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। জলপথেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে।