পাথরপ্রতিমায় বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক! ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। সোমবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের মনি নদী সংলগ্ন ঠাকুরান জঙ্গল সংলগ্ন কে প্লটের ধানখেতের পাশে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ার পর থেকে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। রাতে অন্ধকারে স্থানীয়দের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে।
সোমবার সকালে জমিতে কাজ করতে গিয়ে বাঘের পায়ের ছাপ নজরে আসে গ্রামবাসীদের। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই নিয়ে সৃষ্টি হয় আতঙ্ক ও চাঞ্চল্য। বাঘের পায়ের ছাপ দেখতে স্থানীয়দের ভিড় জমতে থাকে ঘটনাস্থলে। দ্রুত খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায় ও কুয়েমুড়ি বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কুয়েমুড়ি বনদপ্তরের নলগড়া বিটের কর্মীরা। বনকর্মীরা ধানখেত ঘুরে দেখেন এবং বাঘের পায়ের ছাপের নমুনাও সংগ্রহ করেন। প্রাথমিকভাবে বনকর্মীদের অনুমান, এটি বাঘেরই পায়ের ছাপ। পাথরপ্রতিমার নিকটবর্তী ঠাকুরান জঙ্গল থেকে বের হয়ে মনি নদী পার হয়ে বাঘ কে- প্লট এলাকায় ঢুকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত বাঘটি এলাকায় রয়েছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হতে পারেননি বনদপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই বনদপ্তরের তরফে বাঘের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।





