আগেও বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) নানা কথাকে সমাজ মাধ্যমে নানাভাবে অপপ্রচার করা হয়েছে। তাই এবার ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে যাতে কোনরকম অপপ্রচার না হয়, সে বিষয়ে বাড়তি সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠকের মাঝপথেই এ নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, কোনও রকম অপপ্রচার নজরে আসলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই এসআইআর ইস্যুতে উত্তাল বঙ্গ রাজনীতি। এই আবহে মঙ্গলবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে ২০১১ সাল থেকে অর্থাৎ গত ১৫ বছরে সরকারের কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এত দিনের নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন,”বাংলার মানুষ আমাদের ক্ষমতায় এনেছে। ক্ষমতায় আসার আগে জনগণকে আমরা কী বলেছিলাম, কতটা করতে পারলাম, সেটা মানুষকে জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।” গত ১০ বছরে সরকার কত মানুষকে দারিদ্রসীমার বাইরে নিয়ে এনেছেন সেই পরিসংখ্যান তুলে ধরে। তিনি বলেন, “গত ১০ বছরে এক কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে।” এই কথা বলতে গিয়ে হঠাৎ ভুল বশত অন্য কথা বলে ফেলেন। সঙ্গে সঙ্গে শুধরেও নেন। এরপরেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা দেন, “এটা নিয়ে কেউ ব্যঙ্গ করে ভুল তথ্য ছড়াবেন না। অফিসিয়ালি মন্তব্যটা উইথ ড্র করছি। এরপরেও করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” শুধু তাই নয় তাঁর মন্তব্য নিয়ে জলঘোলা করে যে লাভ নেই সেকথাও বুঝিয়ে দেন তিনি। বলেন, “এটা নিয়ে কোনও চালাকি, কানাঘুষো করবেন না। এই বিষয়ে সমাজমাধ্যমে কড়া নজরদারি চালানো হবে।” পাশাপাশি উন্নয়নের খতিয়ান নিয়ে যাতে কোনও অপ্রচার না করা হয় সে বিষয়েও স্পষ্ট বার্তা দিয়ে যান মুখ্যমন্ত্রী।





