শহরের বুকে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা । বুধবার সকালে বাইপাস সংলগ্ন বেঙ্গল কেমিক্যালসের লরির ধাক্কায় গুরুতর জখম হল এক স্কুলছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গল কমিক্যালস মোড়ের কাছে। সূত্রের খবর, রোজকার মতো এদিন সকালেও বাবার সঙ্গে বাইকে করে স্কুল যাচ্ছিল ১২ বছরের ওই কিশোর। আচমকা একটি লরি বেপরোয়া গতিতে পিছন থেকে এসে তাঁদের বাইকে ধাক্কা মারে। তৎক্ষণাৎ রাস্তায় ছিটকে পড়ে যায় ওই স্কুল ছাত্র। মুহূর্তে তাকে পিষে দেয় ঘাতক লরিটি। বাইপাসের ধারে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিশোরকে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফুলবাগান থানার পুলিশ। ইতিমধ্যেই ঘাতক লরির চালককে আটক করেছে পুলিশ।
সূত্রের খবর,আহত ওই কিশোর বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। স্থানীয়দের দাবি, বাইকে ধাক্কা মারার পরও লরিটি থামেনি। উপরন্ত গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। সেই মুহূর্তেই ওই কিশোর চাপা পড়ে যায় লরির চাকায়। এই ঘটনা দেখা মাত্র ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় মানুষজন। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করা হয় ওই স্কুল ছাত্রকে।





