Header AD

বাংলার বকেয়া মেটানোর দাবিতে বিজয়চক থেকে মকরদ্বার পর্যন্ত বিক্ষোভ মিছিল তৃণমূলের

১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা  অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বাংলার প্রতি এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার দিল্লির সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এদিন বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করে যান তৃণমূলের সাংসদ শতাব্দী রায়, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, জুন মালিয়া-সহ অন্যান্যরা। তারপর তাঁরা সবাই সংসদ চত্বরের ভেতরে প্রবেশ করেন। গত মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যের ১৫ বছরের উন্নয়নের পাঁচালি তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, “জিএসটি বাবদ রাজ্যের টাকাও নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। রাজ্যের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রয়েছে।“ পাশাপাশি কোন কোন খাতে রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে তারও বিস্তারিত হিসাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বুধবারই সংসদ চত্বরে আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদদের। বুধবারের পর সেই ধারা বজায় রইল বৃহস্পতিবারও। কালো প্ল্যাকার্ড হাতে তৃণমূল সাংসদরা এদিন মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। মিছিল থেকে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, “একশো দিনের কাজ, আবাস যোজনা, জলজীবন মিশন-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার। কেন্দ্রের ৬৪টি দল বাংলায় এসেছে। আমরা হিসাব দিয়েছি। রিপোর্টে তারা সন্তুষ্ট। কিন্তু তারপরও বকেয়া টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি।” ঠিক তার অন্যদিকে, প্রায় একই সময়ে এদিন মকরদ্বারে ইন্ডিয়া জোটের নেতারাও অবস্থান বিক্ষোভে বসেন।