Header AD
Trending

সংহতি দিবসে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতি ও একতার বার্তা মুখ্যমন্ত্রীর

“যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।” সংহতি দিবসে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলার মাটি থেকে লড়াইয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সংহতি দিবসে X হ্যান্ডেলে আরও একবার গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু রাজনৈতিক দল রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। সেই সঙ্গে একতার বার্তাও দিলেন তিনি।

এদিন নিজের X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি- এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।’

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। তার পরের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করে আসছে তৃণমূল।