Header AD
Trending

SIR নিয়ে ধন্ধে সোনাগাছি! সমস্যা সমাধানে যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন কমিশনের

এসআইআর প্রক্রিয়া শুরু হতেই মনে আশঙ্কার কালো মেঘ জমেছে সোনাগাছিতে। কেউ ঘরছাড়া, কেউ পরিবার থেকে বিতাড়িত, কেউ আবার বাবা-মায়ের পরিচয়টুকুও জানে না- এই সব অসহায় সমাজ পরিত্যক্ত মহিলারা কোথায় পাবেন তাঁদের পূর্বপুরুষের পরিচয়পত্র, এপিক নম্বর? গুরুতর এই সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল যৌনকর্মী ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার। এবার তাতেই সাড়া দিল কমিশন। জানা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর সোনাগাছিতে যৌনকর্মীদের নাগরিক অধিকার সুরক্ষার লক্ষ্যে আয়োজন করা হবে বিশেষ SIR ক্যাম্প।

এ প্রসঙ্গে দুর্বার মহিলা সমন্বয় কমিটির তরফে জানানো হয়েছে, দুর্বার থেকে চিঠির মাধ্যমে ইলেকশন কমিশনে আবেদন জানানোর পর শুক্রবার দুর্বারের সচিব এবং District Election Officer (DEO) ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের Electoral Registration Officer (ERO) একত্রে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন। সেখানেই সিদ্ধান্ত হয় পর সোনাগাছিতে যৌনকর্মীদের নাগরিক অধিকার সুরক্ষার লক্ষ্যে ইলেকশন কমিশন থেকে ক্যাম্পের আয়োজন করা হবে ৯ ডিসেম্বর ৷ মিটিংয়ে বলা হয়েছে ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে ৩টি ক্যাম্প করা হবে। যৌনকর্মীদের কারও নাম বাদ পড়ছে কি না, কিংবা এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না সেটা খতিয়ে দেখবেন আধিকারিকরা।

প্রসঙ্গত, ২০০২ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, যৌনকর্মীদের পেশাকে জনসমক্ষে না এনে তাদের নাগরিকত্ব দেওয়া হোক। এরপরই দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে প্রথমবার ভোটাধিকার পেয়েছিল সোনাগাছির মেয়েরা। কিন্তু সেই তালিকায় কিছু মহিলার নাম থাকলেও অনেকেরই নাম নেই। চলতি এসআরআই প্রক্রিয়ায় সোনাগাছির মহিলাদের এবং তাদের পরিবার তথা সন্তানদের নাম যাতে বাদ না পড়ে সেই লক্ষ্যেই এবার ওই এলাকায় বিশেষ ক্যাম্পের সিদ্ধান্ত নিল কমিশন।