ট্যাংরায় পুলিশের হাতে গ্রেপ্তার বিহারের কুখ্যাত জমি মাফিয়া। শুক্রবার ট্যাংরায় অভিযান চালিয়ে একটি বিলাসবহুল আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করল বিহার এসটিএফ ও কলকাতা পুলিশ। বিহারে একাধিক জমি দখল, তোলাবাজি এমনকী খুনসহ একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে । ট্রানজিট রিমান্ডে তাঁকে পাটনায় নিয়ে যাওয়া হবে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম নৌশাদ মালিক। বিহারের পাটনার ফুলওয়ারি শরিফের কুখ্যাত জমি মাফিয়া নৌশাদ। তাঁর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ বহু অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও, বিহারের পাটনার শরিয়া আবাসনের কাছে আনোয়ার আলমকে দিনের আলোয় হত্যার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অপরাধের পর পুলিশের নজর এড়ানোর জন্য নৌশাদ কলকাতা বা গোয়ায় গা ঢাকা দেন। তবে এবার নৌশাদ কলকাতায় লুকিয়ে রয়েছেন হদিশ পেয়েই অভিযান চালায় বিহার পুলিশ। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে ২২ জুন বজরঙ্গবলি কলোনিতে দিনের বেলায় গুলি চালায় নৌশাদ। তারপরই বিহার থেকে চম্পট দেয় সে। গা ঢাকা দেয় কলকাতায় তাঁরই কেনা একটি ফ্ল্যাটে। এবার সেই কলকাতাতে পুলিশের জালে ধরা পড়লেন তিনি।





