ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা বেশ নিম্নমুখী। রাজ্যে অবাধে প্রবেশ করছে উত্তরে হাওয়া। কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের ভ্রুকুটি না থাকায় আপাতত শীতের পথে কোনও বাঁধা নেই। সপ্তাহভর উপভোগ করা যাবে শীতের আমেজ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে নীচে। চলতি মরশুমের সবচেয়ে শীতলতম দিন ছিল শনিবার। এদিন কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে রবিবার তা সামান্য বেড়ে হয় ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরের দিকে শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নামল, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। পাশাপাশি রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। আগামী সাতদিন আবহাওয়া এমনই থাকবে। বড়সড় কোনও বদলের সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কুয়াশার কারণে কয়েকটি জেলায় জারি করা হয়েছে কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার সকালে কুয়াশা ছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতাও ছিল কম। যার কারণে সকালের দিকে যান চলাচলে কিছুটা সমস্যা হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা মিলেছে রোদ ঝলমলে আবহাওয়ার। সবমিলিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনে নতুন করে তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সর্বত্র বজায় থাকবে শীতের আমেজ। তবে সকালে ও রাতের দিকে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় ঠান্ডার অনুভূতি কমবে কিছুটা।





