Header AD
Trending

বড়দিনে পার্ক স্ট্রিটের ধাঁচে সেজে উঠবে দিঘা, বর্ষবরণে সমুদ্রে আতশবাজি প্রদর্শনী

প্রতি বছর ২৫ ডিসেম্বর আলোর চাদরে মুড়ে যায় গোটা পার্ক স্ট্রিট চত্বর। এবার বড়দিনে পার্ক স্ট্রিটের ধাঁচে সৈকত শহর দিঘাকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পাশাপাশি সেজে উঠবে জগন্নাথ মন্দিরের সামনের রাস্তাও। এছাড়াও বর্ষবরণের রাতকে স্মরণীয় করে রাখতে  থাকবে আতশবাজি প্রদর্শনীও।পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতেই বড়দিন ও বর্ষবরণে এই বিশেষ আয়োজন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।

সূত্রের খবর, নতুন দিঘা এবং পুরানো দিঘার সমস্ত হোটেল মালিকদের নিজেদের হোটেল আলোয় সাজিয়ে তুলতে বলা হয়েছে। এছাড়াও, বর্ষবরণের রাতে দীঘায় সমুদ্রের উপর প্রথমবার বিদেশের আদলে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ। নতুন ও পুরনো দিঘার সমুদ্রে দুটি জলযান বা ভেসেল থাকবে বলেও জানা গিয়েছে। ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজলেই সমুদ্রের মাঝে ও সমুদ্রপাড়ে শুরু হবে আতশবাজির খেলা।

দিঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকেই ভিড় কার্যত উপচে পড়েছে। সূত্রের খবর, ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ৭জন সান্তাক্লজ সেজে ঘুরবে দিঘায় ও চকোলেট বিলি করবে খুদেদের। থাকছে আরও একগুচ্ছ কর্মসূচী। পুর ও নগরোন্নয়ন দপ্তরের স্পেশাল সেক্রেটারি তথা দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক পূর্নেন্দু মাজি এই বিষয়ে জানান, “বড়দিনে দিঘাকে আকর্শনীয় রূপ দেওয়ার পাশাপাশি প্রথমবার বিদেশের মতো সমুদ্রের উপর সবুজবাজির রোশনাইতে বর্ষবরণ করা হবে।”