Header AD

নোংরা আবর্জনার মধ্যে পড়ে শ’-পাঁচেক ভোটার কার্ড! চাঞ্চল্যে শান্তিপুরের উদয়পুরে

এসআইআর চলাকালীন উদ্ধার হল একগুচ্ছ ভোটার কার্ড। বুধবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনার মধ্যে কয়েকটি বস্তায় ভোটার কার্ড রাখা ছিল বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়  শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, এদিন নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকা বস্তাগুলি প্রথম নজরে আসে স্থানীয় মানুষজনের। এরপর সেগুলিকে খোলা মাত্রই উদ্ধার হয় একগুচ্ছ ভোটার কার্ড। স্থানীয়রা জানান, বস্তার মধ্যে প্রায় চারশো থেকে পাঁচশো ভোটার কার্ড রাখা ছিল। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ভোটার কার্ডগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি উত্তর ২৪ পরগণার। তবে জাতীয় সড়কের ধারে আবর্জনার মধ্যে বস্তায় সেগুলি কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাতের অন্ধকারেও ওই বস্তা কেউ ফেলে যেতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। আপাতত ভোটার কার্ডে নাম থাকা  ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, এসআইআরের আবহেই সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করা হয়েছিল।