দার্জিলিঙের অতি জনপ্রিয় রেস্তরাঁ ‘গ্লেনারিজ’। দার্জিলিঙ গেলে অন্তত একবার এই রেস্তরাঁর সামনে দাঁড়িয়ে ছবি তোলা মাস্ট! তবে এই গ্লেনারিজেই মঙ্গলবার থেকে তিন মাসের জন্য নীচের তলার পানশালা এবং লাইভ মিউজিক বন্ধ করে দিল আবগারি দফতর। গ্লেনারিজের পানশালার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে বলে খবর। এছাড়াও প্রয়োজনীয় নথি ছাড়াই ওই পানশালা চালানোর অভিযোগ উঠেছে ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট’ প্রধান অজয় এডওয়ার্ডের বিরুদ্ধে।
পানশালা ছাড়াও বেআইনি ও অবৈধভাবে সেতু নির্মাণেও নাম জড়ায় অজয়ের। সম্প্রতি বিজনবাড়ি ব্লকের জোড়বাংলোয় টুংসুং চা-বাগানের কাছে টুংসুং খোলা নদী-র উপরে একটি সেতু তৈরি হয়। তার সামনে লেখা হয় ‘গোর্খাল্যান্ড’। রবিবার সেই সেতুর উদ্বোধন করেন অজয়। এরপর থেকেই বিতর্কে জড়িয়েছিলেন তিনি। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট নথি ও নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ওই রেস্তরাঁর পানশালা। অজয়ের দাবি, “এই সেতু সরকারি নয়। পাহাড়বাসীর চাঁদায় তৈরি। এই সেতু নিয়ে বিতর্ক থাকার কথা নয়। পৃথক রাজ্য গোর্খাল্যান্ড আমাদের স্বপ্ন, আমাদের আবেগ। কিন্তু ২০১৭ সালের পর থেকে সেই দাবি অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছে। তাই সেই দাবিকে আবার মানুষের মনে জাগিয়ে তুলতে এই নামকরণ করা হয়েছে।’’
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪০ ফুট দীর্ঘ সেতু তৈরিতে সরকার বা স্থানীয় প্রশাসন কোনও টাকা খরচ করেনি। এমনকি অনুমতিও নেওয়া হয়নি প্রশাসনের। সেতুটি স্থানীয় মানুষ, ১৬ টি স্বেচ্ছাসেবী সংস্থা ও অজয়ের আর্থিক সাহায্যে তৈরি হয়েছে। টুংসুং চা-বাগানের সঙ্গে ধোতরে ভ্যালির মধ্যে যোগাযোগের সুবিধার জন্যই এই সেতু তৈরির দাবি ওঠে। সেই দাবি মেনেই তৈরি করা হয় সেতু। তবে বিতর্ক বেঁধেছে নামকরণ ও সেতু বেআইনি ভাবে তৈরি করা নিয়ে।





