মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক এএসআই অফিসারের। রাতে ডিউটি সেরে বাইক চালিয়ে ফেরার পথে ট্রাকের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ে সংলগ্ন বৈরামপুর এলাকায়। ট্রাকের চাকা পুলিশ অফিসারকে পিষে দিয়ে চলে যায় বলে খবর। মৃত অফিসারের নাম শাহাবুদ্দিন বিশ্বাস। বাড়ি মালদহে।
পুলিশ সূত্রে খবর, বছর ৪৫-এর ওই অফিসার কলকাতা পুলিশের এএসআই হিসেবে বর্তমানে ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারে থাকেন। তাঁর আদি বাড়ি মালদহে। বৃহস্পরিবার রাতে তিনি ডিউটি সেরে বাইক চালিয়ে বাসন্তী হাইওয়ের উপর দিয়ে তিনি ফিরছিলেন। রাতে ঘন কুয়াশা থাকায় এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান।
সূত্রের খবর , ঘন কুয়াশার মধ্যে পিছন থেকে একটি ট্রাক ওভারটেক করার সময় ওই বাইকটিকে ধাক্কা মারে। ফলে রাস্তায় ছিটকে পড়ে যান কলকাতা পুলিশের ওই অফিসার। মুহূর্তে ট্রাকের চাকা তাঁর কোমরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ডিসি সৈকত ঘোষ-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। দেহ উদ্ধার করে স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের পর দেহ মালদহের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক।





