Header AD

চিংড়িহাটা মেট্রোর জট কি কাটতে  চলেছে! কাজ শুরুর জন্য বৈঠকের দিন বেঁধে দিল হাই কোর্ট

চিংড়িহাটা মেট্রোর সমস্যা মেটাতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাই কোর্ট। আদালতের তরফে কেন্দ্র, রাজ্য-সহ এই মামলায় যুক্ত প্রত্যেক পক্ষকে বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণ বেঁধে দেওয়া হল। সেই অনুযায়ী আগামী বুধবার বিকেল ৫টায় বৈঠক হবে মেট্রো ভবনে। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত । আগামী ১৯ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।

বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া গেলেও বিমানবন্দর পর্যন্ত পরিষেবা নেই। এছাড়াও আইনি জটিলতর কারণে আটকে‌ নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর ৩৬৬ মিটারের কাজ। তবে এই কাজ গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা হলেও ডিসেম্বরের শেষে এসেও কাজ শুরু করা যায়নি। এরপর এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। সেই অনুযায়ী মেট্রো, রাজ্য-সহ সবপক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে আদালত।

 মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাজ্যের অসহযোগিতার কারণে এই কাজ শুরু করা সম্ভব হয়নি। সেই কারণে গত মাসেই আদালতের হস্তক্ষেপের দাবি জানায় আরভিএনএল। এরপর কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। পাশাপাশি সমস্যা  সমাধানে রাজ্য সরকারকে আলোচনায় বসার পরামর্শ ডিভিশন বেঞ্চের। উল্লেখ্য, বুধবার কেন্দ্র , রাজ্য এবং RVNL আধিকারিকদের মধ্যে এই বিষয়ে একটি বৈঠক হয়।