বাদাম ভেবে বিষ ফল খেয়ে ফেলল শিশুরা! তার জেরেই অসুস্থ ১১ শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। অসুস্থরা সকলেই ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, অসুস্থ শিশুরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বলদেবপুর এলাকার বাসিন্দা। এদিন সকালে সকলে একসঙ্গে খেলা করছিল। সেই সময় রাস্তার পাশের গাছে বাদাম জাতীয় ফল দেখতে পায় তাঁরা। স্বাভাবিকভাবেই সেই ফল খেতে ছুটে যায় তারা। কিন্তু সেই ফল যে আদৌ বাদাম নয় তা ওই খুদেরা কেউই বোঝেনি। বাদাম ভেবে সেই বিষাক্ত ফল খেয়ে নেয় শিশুরা। কিছুক্ষণ পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়ে সকলে। বমি, পেটব্যথা, শ্বাসকষ্ট-সহ নানারকম সমস্যা শুরু হয়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাদের নিয়ে যায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে।
প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি বেগতিক বুঝে শিশুদের রেফার করে হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। বর্তমানে অসুস্থ শিশুদের সেখানেই চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, বিষ ফল খেয়ে নেওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে সকলে। শিশুরা আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় পরিবার। তবে আশার কথা বড় বিপর্যয় বা প্রাণহানির মতো কোনও ঘটনা ঘটেনি।





