বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার সংসদের দলীয় দপ্তরে দলের সাংসদের নিয়ে বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৈঠকে দলের মহিলা সাংসদদের মতবিরোধ মিটিয়ে সমন্বয় বজায় রাখার বার্তা দিলেন সাংসদ অভিষেক। বুধবার দিল্লিতে রাজ্যসভা এবং লোকসভা- দুই কক্ষের সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে লোকসভা এবং রাজ্যসভার ডেপুটি লিডার, মুখ্য সচেতক বা চিপ হুইপ যা বলবেন, যেভাবে চলতে বলবেন, সেভাবেই চলতে হবে বলেও সাংসদদের বার্তা দিয়েছেন। পাশাপাশি বাংলার বকেয়া আদায়ে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দিল্লি পৌঁছেই সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকে বসেন তিনি। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। যেখানে দলীয় রণকৌশল থেকে শুরু করে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে দলীয় সাংসদদের নিজেদের মধ্যে মতবিরোধ মিটিয়ে সমন্বয় বজায় রেখে কাজ করার বিষয়ে জোর দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কাজ না করার বার্তাও এদিন তিনি দেন বলে খবর।
প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই ভোটের রণকৌশল স্থির করতে ব্যস্ত শাসক, বিরোধী উভয় শিবিরই। উন্নয়নকে হাতিয়ার করে আরও একবার ভোট বৈতরণী পার করার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলার শাসক শিবির তৃণমূল। এই পরিস্থিতিতে বারবার ঘরোয়া বৈঠকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নিজেদের মধ্যে মতবিরোধ মিটিয়ে আরও জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন দলের নেতা-কর্মীদের। এর মাঝেই মহিলা সাংসদদের মধ্যে মতবিরোধের গুঞ্জন সামনে আসে। যা দলের অস্বস্তি কিছুটা হলেও বাড়িয়েছে। সেই সমস্যা মেটাতে তড়িঘড়ি ব্যবস্থা নিতেই বুধবার জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন লোকসভার দলনেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।





