বাংলাদেশি নৌবাহিনীর জাহাজের ধাক্কায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারটির মঙ্গলবারই সন্ধান পাওয়া গিয়েছিল । এবার বাংলাদেশি নৌসেনায় হামলায় নিখোঁজ ৫ মৎস্যজীবীর মধ্যে ২ জনের দেহ উদ্ধার হল। অভিশপ্ত ট্রলারটি থেকেই উদ্ধার হয়েছে ওই দু’জনের দেহ। মৃতদের নাম সঞ্জীব দাস ও রঞ্জন দাস। বাকিদের খোঁজ চলছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই ভারতীয় জলসীমায় ঢুকে কাকদ্বীপের মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা মেরেছিল বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ । প্রাথমিক অনুমান অন্ধকার এবং ঘন কুয়াশাজনিত কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে। সেই ঘটনায় ১১ জন মৎস্যজীবী কোনওরকমে প্রাণে বেঁচে ফিরলেও বাকি ৫ জনের খোঁজ মিলছিলনা । বুধবার ভোরে ডুবে যাওয়া ট্রলারটিকে কাকদ্বীপের ময়নাপাড়া ডকে নিয়ে আসা হয়। ট্রলার থেকে জল বার করতেই ইঞ্জিন ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় ২ মৎস্যজীবীর নিথর দেহ। মৃত সঞ্জীব দাস ও রঞ্জন দাসের বাড়ি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরে ও পূর্ব বর্ধমানের পূর্বখালির দুবরাজপুরে। মৃতদের পরিবারকে খবর পাঠানো হলে শোকের ছায়া নেমে আসে পরিবারে।
মৃতদেহ উদ্ধারের পরে খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও নিখোঁজ তিনজন। তাঁরা কি আদৌ বেঁচে আছেন? সময়ের সঙ্গে সঙ্গে সেই আশঙ্কা আরও জোরালো হচ্ছে । ভারতীয় জলসীমায় কীভাবে বাংলাদেশি নৌবাহিনী ঢুকে পড়তে পারে? কেন এই হামলা? ইতিমধ্যেই সেই বিষয়ে নানা প্রশ্ন উঠেছে।





