Header AD

বাংলায় ৬টি ইকোনমিক করিডর তৈরি হচ্ছে, নেতাজি ইন্ডোরে ব্যবসায়ী সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে ৬টি ইকোনমিক করিডর তৈরি হচ্ছে – বুধবার নেতাজি ইন্ডোরে আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তিনি ঘোষণা করেন কলকাতা ও শিলিগুড়িতে তৈরি হবে নতুন রপ্তানি সহায়তা কেন্দ্র, জি আই ট্যাগের সামগ্রীর জন্য তৈরি হবে বিজনেস টু বিজনেস হাব, সরকারি কাজের অর্থপ্রাপ্তির জন্য তৈরি হবে নতুন পোর্টাল। এর সঙ্গে পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড তৈরির কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ব্যবসায়ী সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের একাধিক সম্ভবনার কথা তুলে ধরেন তিনি। পশ্চিমবঙ্গকে বাণিজ্যের উর্বর ক্ষেত্র হিসাবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন ‘বাংলা থেকে ব্যবসা করা যায়।’ তিনি বলেন,এরাজ্যের একাধিক সীমানা রয়েছে যেগুলো রপ্তানির জন্য অত্যন্ত উপযোগী। রাজ্যে একাধিক সামগ্রী ইতিমধ্যেই জি আই ট্যাগ পেয়েছে। সেই বিষয়ে আনন্দ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন , ‘রাজ্যে এখনও এমন অনেক জি আই ট্যাগ পাওয়ার মতো জিনিস রয়েছে। সেগুলোর জন্য চেষ্টা করুন” । পাশাপাশি তিনি বলেন রাজ্যে প্রায় ৬০-৬৫ লক্ষ অসংগঠিত শিল্প রয়েছে যেখানে ১ কোটি ৩০ লক্ষ মানুষ কাজ করেন। এই শিল্প ক্ষেত্রের জন্য তিনি এদিন ৬৬০টি MSME ক্লাস্টার তৈরির কথা ঘোষণা করেন। এই শিল্পের সঙ্গে যুক্তদের প্রশিক্ষণের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন , এই শিল্পক্ষেত্রের হাত ধরে ৪০% বেকারত্ব হ্রাস পেয়েছে এই রাজ্যে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড তৈরির কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই বোর্ডে সব জেলার চেম্বারের মেম্বারদের রাখতে হবে। সরকারি আধিকারিকরাও থাকবেন এই বোর্ডে। পাশাপাশি রেজিস্টার্ড MSMEদের তথ্য সহজেই পাওয়ার জন্য নতুন পোর্টাল চালুর কথাও ঘোষণা করেন তিনি।