Header AD

পিছিয়ে গেল জনস্বার্থ মামলার শুনানি, যুবভারতী কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নজিরবীহীন ঘটনায় কলকাতা হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলাগুলি ওঠে। রাজ্য সরকারের হয়ে এই মামলাগুলি লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি এদিন সুপ্রিম কোর্টে অন্য মামলায় ব্যস্ত ছিলেন। তাই রাজ্যের তরফে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। রাজ্যের আর্জি মেনে তিনটি জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে দিল আদালত। তবে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামী সোমবার এ বিষয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। ওই দিনই এই মামলাটি শুনবে আদালত।

গত ১৩ ডিসেম্বর শনিবার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন  আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু দর্শকদের অভিযোগ, এল এম ১০কে মাঠে বহু লোক ঘিরে থাকায় গ্যালারি থেকে তাঁকে দেখা যায়নি। প্রায় প্রায় ২২ মিনিট স্টেডিয়ামে ছিলেন তিনি। মেসি মাঠ ছাড়তেই শুরু হয় বিশৃঙ্খলা। দৃশ্য়ত তাণ্ডব চলে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এরপরই মুখ্যমন্ত্রী তিন সদস্যের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন। কমিটির মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। বাকি দুজন হলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এই কমিটিকেই চ্যালেঞ্জ করে সোমবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মামলাকারীদের বক্তব্য, রাজ্যের গড়া কমিটির তদন্ত করার ক্ষমতাই নেই। সঠিক তদন্তের জন্য পৃথক কমিটি প্রয়োজন। পরে আরও একটি মামলা হয় হাই কোর্টে। আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানান মামলাকারী। সেই সঙ্গে দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়া উচিত বলেও জানান তিনি। আর্থিক তছরুপের কথা উল্লেখ করে ওই মামলাকারী ইডি ও সিবিআইয়ের তদন্তের আর্জি জানান। এই তিনটি মামলারই বৃহস্পতিবার শুনানির কথা ছিল।  রাজ্যের আর্জিতে তা সোমবার পর্যন্ত পিছিয়ে দিল হাই কোর্ট।