চার্জগঠনের দিকে এগল কসবার সাউথ ক্যালকাটা ল’কলেজের গণধর্ষণ মামলা। আদালত সূত্রে খবর, ডিসেম্বরেই শুরু হবে বিচার প্রক্রিয়া। ওই কলেজেরই ছাত্রনেতা (তথা অস্থায়ী কর্মী)-সহ চার অভিযুক্ত আদালতে হাজিরা দেওয়ার দিন ছিল বুধবার। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন চার অভিযুক্তকে আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। তবে এই মামলার পরবর্তী শুনানি হবে আলিপুরের অতিরিক্ত দায়রা আদালতে, জানিয়েছেন আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য।
প্রসঙ্গত, গত ২৫ জুন কসবার দক্ষিণ কলকাতা আইন কলেজের ভিতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। ঘটনার পরে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা ওই কলেজের অস্থায়ী কর্মীসহ তিনজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে মূল অভিযুক্ত-সহ বাকি দুই পড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ। কলেজের এক নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার পোশাক থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। মূল অভিযুক্তের ডিএনএ সংগ্রহ করেন তদন্তকারীরা। তা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। গত সেপ্টেম্বরে মামলার চার্জশিট জমা দিয়ে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার দাবি করেন, নির্যাতিতার রক্তের সঙ্গে মূল অভিযুক্তের শরীরের রক্ত নমুনার রিপোর্ট মিলে গিয়েছে। ডিএনএ রিপোর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে মূল অভিযুক্তের ভূমিকা। ধর্ষণের সময়ে মূল অভিযুক্তের গায়ে একাধিক ক্ষত সৃষ্টির কথাও তদন্তে উঠে আসে। ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে দু’জনের উপস্থিতির প্রমাণ পাওয়া যাচ্ছে বলে চার্জশিটে তদন্তকারীরা দাবি করেছেন। এ বার সেই চার্জশিটের ভিত্তিতেই চার্জ গঠন হতে চলেছে।





