Header AD

ক্রিসমাস কার্নিভালের সূচনায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর

“আমরা সব ধর্মকে ভালোবাসি। সব উৎসবকে নিজের মনে করে পালন করি।” বৃহস্পতিবার পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের (Christmas Carnival) সূচনায় গিয়ে আবারও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি বলেন, “মানুষকে আনন্দে রাখা উচিত। তার জন্যই উৎসব পালন করা দরকার।” উৎসবের দিন গুলোতে পুলিশ ও প্রশাসনকে বাড়তি সতর্ক থাকার নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার পার্কস্ট্রিট্রের অ্যালেন পার্কে এবছরের ক্রিসমাস কার্নিভালের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সকলে খুব ভালো ভাবে উৎসব পালন করুন। কারণ উৎসবই আমাদের অবসর যাপনের সুযোগ এনে দেয়।”
উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে পার্কস্ট্রিটের কার্নিভালের পাশাপাশি সরকারি উদ্যোগে রাজ্যের সমস্ত চার্চগুলিকেও সাজিয়ে তোলা হয়েছে।

পার্কস্ট্রিটের কার্নিভাল চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। অ্যালেন পার্কে ফুড স্টলের পাশাপাশি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। শুধুমাত্র ২৪ ও ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন , ওই দুদিন অসংখ্য মানুষ ভিড় জমান। সেই ভিড় সামাল দেওয়ার জন্যই পার্ক বন্ধ রাখা হবে। বদলে সাধারণ মানুষ পার্কস্ট্রিটের সুসজ্জিত রাস্তায় হাঁটার সুযোগ পাবেন। উৎসব ৩০ তারিখ শেষ হলেও পার্কস্ট্রিটের আলোকসজ্জা ও ফুডস্টল গুলি থাকবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত।