বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় পাশ হল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ G Ram G বিল। এই বিল পাশের হাত ধরেই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি।”কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে মমতা জানান, মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা করব। একই সঙ্গে তিনি ঘোষণা করেন রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখা হবে।
বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে যোগ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানেই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল নিয়ে সরব হন তিনি। বলেন, “মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি।” এরপরেই বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই কর্মশ্রী প্রকল্পের নাম গান্ধীর নামে রাখা হবে বলে জানান। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নেতাজি থেকে শুরু করে গান্ধীজি, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমরা সম্মান দিতে জানি।
প্রসঙ্গত, ২০ বছর পরে বদলে যাচ্ছে ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন’ বা MGNREGA-র নাম। জাতির জনকের নাম প্রকল্প থেকে সরানোর অভিযোগে সরব তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধীরা। প্রস্তাবিত বিলে ১০০ দিনের কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। এর ফলে রাজ্যগুলির উপর চাপ বাড়ছে। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। দিল্লিতে এদিন সংখ্যার জোরে লোকসভায় বিল পাশ করিয়েছেন মোদি সরকার। এদিকে কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।





