Header AD

কোচবিহারে ভয়াবহ পথদুর্ঘটনা! রাজ্যসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ২

কোচবিহারে (Cooch Behar) মর্মান্তিক পথদুর্ঘটনা (Accident)! মাথাভাঙায় রাজ্য সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত ২। গুরুতর আহত আরও দুজন মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ফিরদৌস হক। বয়স ১৭ বছর। আমির হোসেন বয়স ১৯ বছর। জানা গিয়েছে তাঁরা দুজনেই গাড়ি দুটির খালাসি ছিলেন। আহত দুজন দুটি গাড়ির চালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কোচবিহারে ১৬ নম্বর রাজ্য সড়কে অশোকবাড়ি এলাকায়, দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দুটি।

দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দুটি ট্রাক থেকে মোট চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুটি দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমির হোসেনের এক আত্মীয় বলেন, “প্রথমে আমিরের বাবার কাছে ফোন যায়। তারপর আমরা জানতে পেরে ছুটে আসি। এসে দেখি সব শেষ। ” কী কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল। তার জেরেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।