আগামী বছরের শুরু শিক্ষাবর্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হতে চলেছে পঞ্চম শ্রেণির পঠনপাঠন। প্রাথমিক নতুন বছর পড়লেই রাজ্যের স্কুল্গুলিতে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ। আগামী শিক্ষাবর্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ৭৮টি স্কুলে নতুন করে পঞ্চম শ্রেণীর পঠনপাঠন শুরু হবে। এবার সেই বিষয়ে তৎপর হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বিদ্যালয়গুলির শিক্ষক সংখ্যা যথাযথ রয়েছে কি না, পরিকাঠামো গত দিক – সবটাই খতিয়ে দেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় ৭৮টি বিদ্যালয়ের তালিকা পাঠানো হয়েছে। সবকটি বিদ্যালয়ের পরিকাঠামো-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা পড়বে। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়গুলিতে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু করা হবে। ধাপে ধাপে জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি মেনে ২০৩০ সালের মধ্যে রাজ্য শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ধাপে ধাপে হাই স্কুলগুলি থেকে পঞ্চম শ্রেণি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করতে চায় শিক্ষা দপ্তর। যদিও ইতিমধ্যেই বেশকিছু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু হয়ে গিয়েছে। সূত্রের খবর , রাজ্যে রয়েছে প্রায় ৪৯ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় তবে তার মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে বহু সময়েই প্রশ্ন উঠেছে। পরিকাঠামো থেকে শিক্ষক নিয়োগ, মিড ডে মিল- সব ক্ষেত্রেই রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখনও অনেক ক্ষেত্রেই ঘটতি রয়েছে। তবে নতুন করে ৭৮ টি স্কুলে পঞ্চম শ্রেণীর পঠনপাঠন শুরু করাটা প্রাথমিক শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে বিশেষ ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছে শিক্ষকমহল।





