জল্পনা ছিলই। এবার সেই জল্পনাকে সত্যি করে শুক্রবার তৃণমুলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং জয়প্রকাশ মজুমদারের তাঁর হাত তুলে দিলেন দলীয় পতাকা। যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, “৬ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম। তবে যেরকম ভেবেছিলাম বিষয়টা সেভাবে এগোয়নি। ভুল তো মানুষ মাত্রই করে। এখন সেটা সংশোধনের সময় এসে গিয়েছে। ” এরপরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক পথে যাত্রা শুরুর ইচ্ছাপ্রকাশ করেন পার্নো। পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা গেল অভিনেত্রীকে।
এদিন পার্নোর তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগে আকৃষ্ট হয়ে পার্নোই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। দলনেত্রীর নির্দেশে পার্নোকে দলে স্বাগত জানানো হল। পাশাপাশি ‘অভিনেত্রী পার্নো’রও প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, ভোটের আগে পার্নোর তৃণমূলে যোগদানকে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এমনকি তাঁর প্রার্থী হওয়ার সম্ভবনাকেও উসকে দিচ্ছে। গত বিধানসভা ভোটেও প্রার্থী ছিলেন পার্নো। তবে তিনি বিজেপি প্রার্থী হিসাবে বরাহনগরে তৃণমূলের তাপস রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করেন। এবং পরাজিত হন। এরপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ান অভিনেত্রী। এমনকি ঘনিষ্ঠ মহলের কাছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে অসন্তোষ উগড়ে দিয়েছিলেন পার্নো। এবার ছাব্বিশে বাংলার বিধানসভা ভোটে কি অভিনেত্রীকে তৃণমূলের পদপ্রার্থী হিসেবে দেখা যাবে? আমাদের নজর থাকবে সেদিকে।





