Header AD

পার্ক সার্কাসে মর্মান্তিক দুর্ঘটনা! রাতে বাড়ির চাঙর খসে মৃত ১, আহত ৩

গভীর রাতে কলকাতার পার্ক সার্কাসে মর্মান্তিক দুর্ঘটনা! নিশ্চিন্ত ঘুমের মধ্যেই হানা দিল সাক্ষাৎ মৃত্যু! নতুন বছরের প্রথম রবিবার বাড়ির চাঙর ভেঙে প্রাণ হারালেন বছর পঁচাশির বৃদ্ধা। দুর্ঘটনায় এক শিশু-সহ বাড়ির আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। সাতসকালে এই দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেন, ওই বাড়িটি বহু পুরনো, জরাজীর্ণ। বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল। বাড়ির মালিককে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল, মেরামতির জন্য বলা হয়েছিল। কিন্তু সেই কাজ করা হয়নি। তার জেরেই আজ এত বড় দুর্ঘটনা ঘতে গেল বলে অনুমান তাঁর।

ঘটনাস্থল পার্কসার্কাস লোহাপুলের ৬৫ নং ওয়ার্ড। এই এলাকায় ৪৬/এইচ/ই, সামসুল হুদা রোডের একটি পুরনো তিনতলা বাড়ির একতলায় থাকত মৃত বৃদ্ধার পরিবার। রবিবার রাতে সকলে ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টে নাগাদ আচমকা বাড়ির চাঙর খসে পড়ে। তাতে আহত হন বাড়ির প্রায় সব সদস্য। ৮৫ বছরের বৃদ্ধা রাবিয়া খাতুন মাথায় গুরুতর চোট পান। সকলকে নিকটবর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাবিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাধীন ৯ বছরের আয়েষা খাতুন, ১৬ বছরের উমর ওরফে দানিশ আলম এবং ৫৫ বছরের ওয়াহিদ আবদুল। যদিও আয়েষার সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জরাজীর্ণ, বিপজ্জনক  বাড়িগুলির অবস্থা নিয়ে সরব হয়েছেন এলাকাবাসীও। রবিবার রাতের এই মর্মান্তিক ঘটনার পর শহর কলকাতার পুরনো, বিপজ্জনক বাড়িগুলি নিয়ে আবারও সতর্ক হওয়ার সময় হয়েছে, বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।