Header AD

বাংলাদেশে ফের হিন্দু নিপীড়ন! সিলেটে জ্বালিয়ে দেওয়া হল এক শিক্ষকের বাড়ি

ভোটমুখী বাংলাদেশে আবারও কট্টরপন্থীদের টার্গেটে হিন্দুরা। এবার বাংলাদেশের সিলেটে এক হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দিল কট্টরপন্থীরা। পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। পেশায় শিক্ষক ওই ব্যক্তির নাম বীরেন্দ্রকুমার দে। স্থানীয় ভাবে বীরেন্দ্র কুমার দে ‘ঝুনু স্যার’ নামে পরিচিত। ঘটনায় পরিবারের কেউ হতাহত না হলেও তারা আতঙ্কিত। পুলিশ এবং প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। তবে ইউনুস জমানায় বাংলাদেশি হিন্দুরা বিচারের আশা প্রায় ত্যাগ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশে বারবার হিন্দুদের ওপর চরম নিপীড়নের ছবি আবারও প্রকাশ্যে উঠে এল।

এর আগে চট্টগ্রামে একাধিক হিন্দু বাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পুলিশ আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়েছে। পুলিশ অভিযোগ করেছে, নির্বাচনের আগে দেশে সম্প্রীতি না থাকার দাবি প্রমাণ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা নাকি হিন্দু বাড়িতে আগুন দিয়েছেন। এর আগে ইউনুস সরকারের তরফ থেকেও এই ধরনের অভিযোগ করা হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক যাঁতাকলে পিষ্ট হচ্ছেন সেখানকার হিন্দুরা। একের পর এক হিন্দু খুন, হিন্দু নিপীড়নের ছবি সামনে আসছে। খুলনায় শ্রমিক সংগঠনের এক সিনিয়র নেতাকে মাথায় গুলি করা হয়েছিল কয়েকদিন আগেই, খবর জানা যায় বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে। ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের নেতা মহম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়েছিল। খুলনার সোনাডাঙা এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।

২০২৬-এর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুন ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। হামলার চেষ্টা হয়েছে সংসদ ভবনে। বাংলাদেশের এই অশান্তির আবহে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে ভারত বিরোধী জিগির। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পাথরবৃষ্টির পাশাপাশি চট্টগ্রামেও হামলার মুখে পড়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস। এরপরই চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারত। এই পরিস্থিতিতে সিলেটে ভারতের অ্যাসিস্ট্য়ান্ট হাই কমিশন অফিস ও ভিসা সেন্টারেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভিসা সেন্টারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে রবিবার থেকে চট্টগ্রামের অফিসে ভিসা সংক্রান্ত কাজ পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।