উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল কলকাতার এক মহিলা পর্যটকের। শরীর খারাপ নিয়েই ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন ৪৭ বছর বয়সি ওই মহিলা। বমি ও শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হোটেলে ফিরে আসেন। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার সকালে তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সরকারি সূত্রে খবর, তাঁর মেয়ে এবং অন্য আত্মীয়দের সঙ্গে উত্তর সিকিমের জিরো পয়েন্টে বেড়াতে গিয়েছিলেন ওই মহিলা। যাওয়ার আগে থেকেই তাঁর শরীর অসুস্থ ছিল। সকলে মিলে বুধবার লাচুংয়ের ফাকাতে একটি হোটেলে উঠেছিলেন। সেদিন থেকেই তাঁর বমি ও শ্বাসকষ্ট শুরু হয়। ওই শরীর খারাপ নিয়েই তিনি বৃহস্পতিবার পরিবারের সঙ্গে জিরো পয়েন্টে যান। বিকেলে হোটেলে ফিরেও তাঁর শারীরিক অসুস্থতা কমেনি। শুক্রবার ভোরে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। সঙ্গে বমি। দ্রুত তাঁকে হোটেল থেকে লাচুংয়ের সেনা ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত তাঁকে পরীক্ষার পর কর্তব্যরত মেডিক্যাল অফিসাররা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে ওই পর্যটকের। মৃতদেহের ময়নাতদন্ত করার জন্য চুংথাং থেকে একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে পাঠাতে অনুরোধ করা হয়।
ঘটনায় ভেঙে পড়েছে ওই পর্যটকের মেয়ে ও আত্মীয়রা। কলকাতার বাড়িতেও পৌঁছেছে দুঃসংবাদ। এলাকায় শোকের ছায়া।





