Header AD

“পরিকল্পনাহীন নয়, স্বচ্ছ ও মানবিক SIR চাই” — নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই—এ কথা আমরা আগেও ৭৫ বার বলেছি। আমরা SIR-এর বিরোধী নই। আমরা SIR চাই, তবে তা হতে হবে মানবিক ও স্বচ্ছ।” মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই ভাষাতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল কংগ্রেস (TMC)।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, ডেরেক ও’ব্রায়েন এবং সাকেত গোখলে। তাঁদের বক্তব্যে স্পষ্ট, দলের নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই অবস্থান নিয়েছেন। তৃণমূলের প্রশ্ন—কেন SIR-কে জনতার ওপর বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে?

এদিনের সাংবাদিক বৈঠকে তৃণমূলের অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনকে মডেল কোড অফ কন্ডাক্ট সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে। শুধুমাত্র বিরোধী দলগুলির জন্য নিয়ম জারি করলে তা গ্রহণযোগ্য নয়। সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, গত নভেম্বর মাসে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রথম প্রতিনিধিদল যাওয়ার পর ৫১ দিন কেটে গিয়েছে। কিন্তু সেই বৈঠকগুলির কোনও ট্রান্সক্রিপ্ট এখনও প্রকাশ করা হয়নি। অবিলম্বে সেই ট্রান্সক্রিপ্ট প্রকাশের দাবি জানান তিনি।
তীব্র কটাক্ষ করে ডেরেক বলেন, “নির্বাচন কমিশন তো হোয়াটসঅ্যাপের মাস্টার। চাইলে ওরাই হোয়াটসঅ্যাপ প্রকাশ করুক। না হলে আমরা নিজেরাই ট্রান্সক্রিপ্ট প্রকাশ করে দেব।”

এছাড়াও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে ডেরেক অভিযোগ করেন, ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কো-অপারেশন সচিব ছিলেন। ৩৭০ ধারা বিলোপের সময় স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি কে ছিলেন—এই প্রশ্ন তুলে কটাক্ষ করে বলেন, “ভ্যানিশ, ভ্যানিশ, ভ্যানিশ।”

তৃণমূলের দাবি, কমিশনের সঙ্গে তাদের বৈঠকে কী আলোচনা হয়েছে এবং সাম্প্রতিক আদালতের পর্যবেক্ষণ দেখলেই দেশের মানুষ সব বুঝতে পারবেন। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন কমিশন যদি বৈঠকের ট্রান্সক্রিপশন প্রকাশ না করে, তবে তৃণমূল নিজেরাই তা প্রকাশ করবে। ডেরেক ও’ব্রায়েনের কথায়, তৃণমূল স্বচ্ছ ও পরিকল্পিত SIR-এর পক্ষে, কিন্তু কোনওভাবেই পরিকল্পনাহীন SIR-এর পক্ষে নয়।