Header AD

৬৫০ কোটিরও বেশি জিএসটি জালিয়াতি! কলকাতা-সহ ৩ রাজ্যে একযোগে ইডির হানা

ফের কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযান। এবার জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC)সংক্রান্ত বিপুল আর্থিক কেলেঙ্কারি তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। মঙ্গলবার কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ড ও মণিপুরে একযোগে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

ইডির প্রাথমিক অনুমান অনুযায়ী, এই আর্থিক কেলেঙ্কারির পরিমাণ ৬৫০ কোটিরও বেশি টাকা। একাধিক ব্যক্তি ও সংস্থার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। কেলেঙ্কারির মূল মাথা কারা, টাকা কোথায় এবং কীভাবে সরানো হয়েছে—এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তিন রাজ্যের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। এই গোটা অভিযানের নেতৃত্ব দিচ্ছে ইডির ইটানগর শাখার একটি বিশেষ দল।

সূত্রের খবর, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভুয়ো ও শেল কোম্পানি খুলে পরিকল্পিতভাবে বিপুল অঙ্কের ইনপুট ট্যাক্স ক্রেডিট হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ভুয়ো বিল ও কাগজপত্র দেখিয়ে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এই আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টির উপর নজর রাখছিল ইডি।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একাধিক শেল কোম্পানির মাধ্যমে ৬৫৮ কোটি টাকার লেনদেন হয়েছে বলে এখনও পর্যন্ত তথ্য মিলেছে। এই বিপুল অর্থের উৎস, লেনদেনের পথ বা তথাকথিত ‘মানি ট্রেল’ চিহ্নিত করতেই চলছে বর্তমান তল্লাশি অভিযান। ইডি মনে করছে, তদন্ত যত এগোবে, ততই এই জিএসটি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আরও নাম ও সংস্থার পর্দাফাঁস হতে পারে।