মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জেলা প্রশাসন ও পুলিশকে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজনে বেলডাঙাতেও ব্যবহার করা যেতে পারে।তবে এই ঘটনার NIA তদন্ত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কেন্দ্রীয় সরকারের ওপরই থাকবে বলে স্পষ্ট করেছে আদালত। মঙ্গলবার এই সংক্রান্ত দুটি মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে প্রধান বিচারপতির বেঞ্চ।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মুর্শিদাবাদে যেভাবে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে আদালত বিশেষভাবে চিন্তিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাহিনী ব্যবহারের ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রের অবস্থানের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক শ্রমিকের রহস্য় মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন আগে বেলডাঙায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করে, চলে ব্যাপক ভাঙচুর। এমনকি সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও। শুক্রবারের পর শনিবারও পরিস্থিতি উত্তপ্ত ছিল গোটা এলাকার।
এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনানিতে তাঁর আইনজীবী অভিযোগ করেন, প্রতিবাদের নামে একাধিক সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং জাতীয় সড়ক অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, গত বছর একই ধরনের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হলেও এবার তা করা হচ্ছে না, যদিও জেলায় বাহিনী উপস্থিত রয়েছে।
এর জবাবে রাজ্যের তরফে জানানো হয়, ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘরছাড়া মানুষদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নিয়েছে বলেও আদালতকে জানানো হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, বেলডাঙায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা শাসক ও পুলিশ সুপারকে সর্বোচ্চ সক্রিয় ভূমিকা নিতে হবে। প্রয়োজনে মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙায় ব্যবহার করার বিষয়েও স্পষ্ট অনুমতি দেয় আদালত।





