Header AD

সিঙ্গুর ফের কেন্দ্রবিন্দুতে, মোদির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, কী বার্তা বাংলার জন্য?

সিঙ্গুরকে ঘিরে আবারও রাজনৈতিক ও অর্থনৈতিক জল্পনা তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার রেশ কাটতে না কাটতেই চলতি মাসেই সিঙ্গুরে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে জনসভা করবেন তিনি। শিল্প নিয়ে কোনও গুরুত্বপূর্ণ বার্তা তিনি দেন কিনা, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

গত রবিবার সিঙ্গুরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভার আগে স্থানীয় বিজেপি নেতৃত্ব শিল্প নিয়ে বড় ঘোষণার ইঙ্গিত দিলেও বাস্তবে প্রধানমন্ত্রীর বক্তৃতায় শিল্প প্রসঙ্গ কার্যত অনুপস্থিত ছিল। সেই নিয়ে প্রশ্নও উঠেছে রাজ্য বিজেপির অন্দরেও। এই প্রেক্ষাপটেই মোদির সভার পরপরই সিঙ্গুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভার মঞ্চ থেকেই বাংলার বাড়ি (আবাস) প্রকল্পের কিস্তির টাকা প্রদান করা হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলাজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সিঙ্গুরে ৫০০ কোটি টাকার বিনিয়োগে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। প্রায় ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে এবং কাজ শুরুর প্রস্তুতিও চলছে বলে খবর। ফলে মুখ্যমন্ত্রীর সভা থেকে শিল্প সংক্রান্ত কোনও নতুন দিশা উঠে আসে কি না, তা নিয়ে জল্পনা আরও বেড়েছে। রাজনৈতিক দিক থেকেও সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী নেত্রী থাকাকালীন শিল্পের নামে কৃষকদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনই তাঁকে রাজ্য রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিল। ক্ষমতায় এসে সেই জমি কৃষকদের ফিরিয়ে দেন তিনি। প্রায় ১৫ বছর পর ফের সেই সিঙ্গুরই হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক ও শিল্প সমীকরণের কেন্দ্রবিন্দু।

শিল্প, উন্নয়ন ও রাজনীতির বার্তা—সব মিলিয়ে ২৮ জানুয়ারির দিকেই তাকিয়ে গোটা বাংলা।