কলকাতার আকাশে কেবল শীতের কুয়াশা নয়, জমছে দূষণের বিষ। দিনের পর দিন মহানগরীর বাতাসের মান উদ্বেগজনকভাবে নিম্নমুখী হচ্ছে। অনুমোদিত সীমা ছাড়িয়ে যাচ্ছে দূষণের মাত্রা। এই পরিস্থিতিতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট। শহরের ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে আদালত। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এই মামলার উদ্যোগ নিয়েছে। হাই কোর্টের মতে, কলকাতা তথা বাংলার বায়ুদূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিষয়টি আর উপেক্ষা করার নয়।
সোমবার দূষণ সংক্রান্ত দু’টি জনস্বার্থ মামলার শুনানির সময়ই প্রধান বিচারপতি এজলাসে জানান, এই ইস্যুতে আলাদা করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। আদালত আরও জানায়, মামলার বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে। সেদিন আদালতে উপস্থিত কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল সেই চিঠি পাওয়ার কথা স্বীকারও করেন।
এর আগে পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজন বা রবীন্দ্র সরোবরে ছট পুজোর অতিরিক্ত ভিড়ের ফলে দূষণ বৃদ্ধির অভিযোগে একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল। তবে গোটা শহরের বায়ুদূষণ নিয়ে এই প্রথম এত বড় পদক্ষেপ নিল হাই কোর্ট। জানা গিয়েছে, এক আইনজীবীর আবেদনের ভিত্তিতেই আদালতের নজরে আসে বিষয়টি। তিনি মামলার সঙ্গে ২০২৬ সালের ২ জানুয়ারির রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রিপোর্ট পেশ করেন, যেখানে কলকাতার বাতাসের ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেই তথ্য খতিয়ে দেখেই অবিলম্বে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় আদালত।
এখন দেখার, আদালতের এই কড়া অবস্থানের পর শহরের দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য কী পদক্ষেপ নেয়।





