Header AD

সুপ্রিম কোর্টের নির্দেশ! শনিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড তালিকা প্রকাশ করবে কমিশন

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে চলেছে নির্বাচন কমিশন। সেই নির্দেশকে শিরোধার্য করে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত শুনানির মাঝেই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। এ রাজ্যের ভোটার তালিকায় তথ্যগত অসংগতি বা লজিক্যাল ডিসক্রিপান্সি (Logical Discrepency) থাকা ভোটারদের তালিকার পাশাপাশি আনম্যাপড ভোটারদের তালিকাও প্রকাশ করা হচ্ছে।

শনিবারের মধ্যেই গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, তালুক ও ওয়ার্ড অফিস-সহ বিভিন্ন সরকারি দপ্তরে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। বাংলায় তথ্যগত অসংগতির তালিকায় রয়েছেন ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটার। পাশাপাশি, আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬।
রবিবার থেকে যেসব ভোটারের নাম তথ্যগত অসংগতির তালিকায় রয়েছে, তাঁরা নিজেরা বা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। শুনানির সময় মাধ্যমিক পাশের সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হবে। বুধবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। নথি জমা দেওয়ার জন্য ১০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

এদিকে বৃহস্পতিবার কমিশন নিযুক্ত ১২ জন পর্যবেক্ষককে নিয়ে বৈঠকে বসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে মূলত ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। জানা যাচ্ছে, এসআইআর শুনানি চলাকালীন যে নথিগুলি আপলোড করা হচ্ছে, সেগুলির যাচাইয়ের দায়িত্বেও থাকবেন এই পর্যবেক্ষকরা।