Header AD

মুক্তিপণ নাকি অন্য কারণ! অন্ধ্রপ্রদেশে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

ফের ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু! বাংলার এক পরিযায়ী শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃত যুবক দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। মৃতের দাদার অভিযোগ, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তার ভাই। সেখানেই বাংলাদেশি সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মৃত পরিযায়ী যুবকের নাম মঞ্জুর আলম লস্কর। বয়স ৩২। প্রায় ১০ বছর ধরে তিনি অন্ধ্রপ্রদেশের কোমারুল এলাকায় কাজ করেন। মাঝে মধ্যে তিনি বাড়িতে আসতেন। জানা গিয়েছে, মৃতের দাদা গিয়াসউদ্দিন লস্কর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।

পরিবার জানিয়েছে, বেশ কিছুদিন আগে ছুটিতে বাড়ি আসেন মঞ্জুর। দিন ২০ আগে ফের কর্মস্থলে ফিরে যান। পরিবারের দাবি, তাঁর ফিরে যাওয়ার পরপরই মঙ্গলবার বাড়িতে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোন করে ২৫ হাজার টাকা দাবি করা হয়। না দিলে মঞ্জুরকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। আতঙ্কে মৃতের স্ত্রী ওই নম্বরে ৬ হাজার টাকাও পাঠান। তারপরই বুধবার ওই নম্বর থেকেই ফের ফোন করে বাড়িতে জানানো হয় মঞ্জুর মারা গিয়েছেন । দাদা গিয়াসউদ্দিন লস্কের অভিযোগ, বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছে তাঁর ভাইকে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। কী কারণে এই মৃত্যু তা এখনও পরিষ্কার নয়। মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।