Header AD

বইমেলার ৫০ বছরের আগেই তৈরি হবে ‘বইতীর্থ’, বরাদ্দ ১০ কোটি, গিল্ডের আবদনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Bookfair)৫০- এ পা দেবে। পঞ্চাশ বছর পূর্তির আগেই গিল্ডের আবেদনে ‘বইতীর্থ’ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতা বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানেই বইতীর্থ নির্মাণের জন্য সরকারি তরফে ১০ কোটি টাকা অর্থও বরাদ্দ করলেন। মেলার সূচনাতেই বইয়ের জন্য বিশেষ ব্যবস্থার আবেদন করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সেই আবেদনে সাড়া দিয়েই এই বইতীর্থের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে গিল্ডকে বললেন সরকারি প্রটোকল মেনে বইতীর্থের আবেদন করার জন্য। উল্লেখ্য এবছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা (Argentina)। মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনে শুরু হল ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন। তিনি বলেন এই বইমেলা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৪৯ তম বইমেলায় ৫০-এর ডাক শুরু হয়ে গেল। এই মেলা আমাদের আবেগ- সংস্কৃতি। এই মেলা বিশ্ব মিলনমেলায় পরিণত হয়। এই বইমেলায় গতবছর ২৭ লক্ষ মানুষ এসেছিল। ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। আশা করছি এবছর তা গতবারকে ছাড়িয়ে যাবে।”

এবছর বইমেলায় স্টলের সংখ্যা ১১০০। দেশীয় ও স্থানীয় প্রকাশনার পাশাপাশি এবারের মেলায় অংশ নিচ্ছে ২০টি দেশ। তার মধ্যে আর্জেন্টিনা ছাড়াও রয়েছে- ব্রিটেন, পেরু, জার্মানি, অস্ট্রেলিয়া। যুযুধান দুই দেশ রাশিয়া ও ইউক্রেনও এবছর মেলায় অংশ নিচ্ছে। ১৫ বছর পর মেলায় অংশ নিয়েছে চিনও। তবে থাকছে না আমেরিকা ও বাংলাদেশ।

এদিনের অনুষ্ঠান থেকে এসআইআর নিয়ে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। কমিশনকে নিশানা করে বলেন, “সকলে মেলা উপভোগ করুন শান্তিপূর্ণ ভাবে। মনে রাখবেন এবার রাজ্যে SIR চলছে। এই প্রক্রিয়া চলাকালীন এখনও পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। আমরা যেন সেকথা মনে রাখি। লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথাও নেই, শুধু বাংলায় হয়েছে। আগে মানুষ ঠিক করতে কাকে ভোট দিয়ে সরকারে নিয়ে আসবে। এখন ভোটের আগে নির্বাচন কমিশন ঠিক করছে কারা ভোট দিতে পারবে, কাদের নিয়ে আসবে। মজা পেয়ে গেছে।”

উল্লেখ্য এবারের মেলায় মুখ্যমন্ত্রীর লেখা ৯টি বই প্রকাশিত হল। তার মধ্যে রয়েছে ছাব্বিশে ২৬, আমার রেলবেলা, আমাদের পাড়া আমাদের সমাধান, কথা ভাণ্ডার, পুণ্যভূমি বাংলা প্রভৃতি। নিজের লেখা বই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি হেলিকপ্টারে বা প্লেনে কোথাও যাওয়া আসার সময় বই লিখি। আমি হাতে লিখতেই ভালোবাসি। SIR- এ মানুষের যে হয়রানি হচ্ছে তা নিয়ে ২৬ টা কবিতা লিখেছি। আমার রাজনৈতিক জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে লিখেছি কথা ভাণ্ডার।” এরপরই তিনি বলেন, আমার একমাত্র ইনকাম এই বইয়ের রয়্যালটি। কারণ আমি মুখ্যমন্ত্রী হিসাবে একপয়সাও বেতন নিই না। প্রাক্তন সাংসদ হিসাবে দেড় লক্ষ টাকা পেনশন আমি নিতে পারি। সেটাও আমি নিই না।” প্রসঙ্গত এবছর বইমেলায় ৯টি বই প্রকাশের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রকাশিত বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২। এবারের মেলায় জীবনকৃতিই সম্মান প্রদান করা হল সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে।