Header AD

ভয়াবহ পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে! বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত বহু

আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। আজ, বৃহস্পতিবার ভোররাতে নান্দিয়াল  জেলায় একটি বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের পর দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসচালক এবং লরির চালক-সহকারী। আশেপাশের বহু মানুষই আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনাটি ঘটে আনুমানিক রাত ১টা ৩০ মিনিট নাগাদ। বাসটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে তেলঙ্গানার হায়দরাবাদে যাচ্ছিল। সেই সময় আচমকাই বাসের ডান দিকের চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটির গতি বেশি থাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তার পর সেটি ডিভাইডার টপকে পাশের লেনে উঠে যায়। সেই সময় ওই লেন ধরেই একটি ট্রাক আসছিল। সেটিতে অনেক মোটরবাইক ছিল। বাসের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তার পরই ট্রাক এবং বাসে আগুন ধরে যায়। যার ফলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। স্থানীয় বাসিন্দারা, বাসের কন্ডাক্টর এবং ক্লিনার দ্রুত এগিয়ে এসে জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। তাঁদের তৎপরতায় আরও বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

এই ঘটনার বিষয়ে স্থানীয়েরা জানিয়েছেন, মাঝরাতে বিকট একটা শব্দে ঘুম ভেঙ যায় তাঁদের। রাস্তায় এসে দেখেন একটি বাস এবং ট্রাকের সংঘর্ষ হয়েছে। আগুন ধরে গিয়েছে দু’টি বাহনেই। সঙ্গে সঙ্গে তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। বাসের হেল্পার জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। স্থানীয়রাও তৎপরতার সঙ্গে কাজ করেন। কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঝলসে মৃত্যু হয় তিন জনের। মৃতদের মধ্যে রয়েছেন বাস এবং ট্রাকচালক এবং বাসের আর এক কর্মী। বাসে ৩৬ জন যাত্রী ছিলেন। তাঁদের বেশির ভাগকেই উদ্ধার করা হয়েছে। আহতদের নান্দিয়াল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টায়ার ফেটে যাওয়ার কারণেই চালক বাসের উপর নিয়ন্ত্রণ হারান এবং তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অন্ধ্রের কুর্নুলে যাত্রিবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে আগুন ধরে মৃত্যু হয়েছিল ২০ জনের। বেসরকারি সংস্থার মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল। সংঘর্ষের পর বাসের সামনে আটকে যায় বাইকটি। ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরেই আগুন ধরে যায় বাসটিতে। সাম্প্রতিক এই ঘটনায় ফের একবার রাতের যাত্রার ঝুঁকির কথা, বেসরকারি দূরপাল্লার বাসগুলির রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং যানবাহনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল।