Header AD
Trending

পরাক্রম দিবসে সমাজমাধ্যমে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, স্মরণ করে ফাইল প্রকাশ নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

আজ শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন। নেতাজির জন্মদিনটিকে সারা দেশে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে জাতীয় নেতাকে সমাজ মাধ্যমে নিজেদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ্যে আনার জন্য ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে ( সাবেক টুইটার) দেশনায়ককে শ্রদ্ধা জ্ঞাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলা, দেশ তথা সারা বিশ্বের মানুষের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাকে কখনো ভোলেনি, কোনদিন ভুলবেও না।’ বর্তমান সময়ের সাম্প্রদায়িকতা ও ভেদাভেদের রাজনীতি যে পর্যায়ে পৌঁছেছে, স্থানীয় এই পোস্টেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজির অবদানের কথা স্মরণ করে তিনি লিখেছেন, তিনি জানতেন দেশ মানে শুধু হিন্দু নয়, দেশ মানে শুধু মুসলিম নয়- দেশ মানে পুরুষ, মহিলা, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, বাঙালি সকলে। তাঁর আজাদ হিন্দ ফৌজ ছিল ধর্মনিরপেক্ষতা ও সৌভ্রাতৃত্বের প্রতীক। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য সংগ্রাম করেছিলেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান-সমস্ত জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ।
নেতাজির স্মৃতি রক্ষায় রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তাও একবার স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আলিপুর মিউজিয়ামে নেতাজি জেলের যে কুঠুরিতে থাকতেন সেটাকে সংরক্ষণ করে মানুষের দেখার জন্য খুলে দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন বলে নেতাজির লেখা বই ইংরেজি সহ অন্যান্য ভাষায় অনুবাদ করা হচ্ছে। নেতাজি কেই শ্রদ্ধা জানিয়ে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য মোবাইল বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া সুভাষচন্দ্র বসুর ওপর নানা প্রদর্শনীর আয়োজন করে রাজ্য সরকার।
নেতাজি কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর অন্তর্ধান রহস্য নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সম্পর্কিত ফাইল রাজ্য সরকার প্রকাশ করেছে এই দাবি করে মুখ্যমন্ত্রী ফের একবার ভারত সরকারকে অনুরোধ করেছেন নেতাজি সম্পর্কিত ফাইল সামনে আনার জন্য।
অন্যদিকে নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লিখেছেন, পরাক্রম দিবস হিসেবে পালিত, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে আমরা তার অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং জাতির প্রতি অবদানকে স্মরণ করছি। দেশপ্রেমের মূর্ত প্রতীক নেতাজির আদর্শ আজও প্রজন্মের পর প্রজন্মকে শক্তিশালী ভারত করতে অনুপ্রাণিত করে।