Header AD
Trending

অপরিকল্পিত SIR-এর বিরুদ্ধে রাজ্যজুড়ে তৃণমূলের প্রতিবাদ! ‘১২৬ জনের প্রাণ গেল আতঙ্কে’, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে “অপরিকল্পিত ও অমানবিক” বলে ফের তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। এই প্রক্রিয়ার জেরে বাংলায় এখনও পর্যন্ত ১২৬ জন সাধারণ ভোটার ও বিএলও-র মৃত্যুর অভিযোগ তুলে রবিবার, জাতীয় ভোটার দিবসে, রাজ্যজুড়ে ব্লক স্তরে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার বিএলএ-২ এবং বুথ সভাপতিদের নিয়ে এক ভারচুয়াল বৈঠকে অভিষেক স্পষ্ট জানান, এসআইআর-এর ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় ও চাপ চরমে পৌঁছেছে। তাঁর কথায়, শুনানির নোটিস পেয়ে আতঙ্কে বহু ভোটারের মৃত্যু হয়েছে, কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে বিএলও-দের মধ্যে।

গত অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ১৪ ফেব্রুয়ারি। কিন্তু এত অল্প সময়ের মধ্যে গোটা প্রক্রিয়া চালানো নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে তৃণমূল। তাদের অভিযোগ, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পরিকল্পিতভাবেই বাংলায় এই এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে।

অভিষেক জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অসংগতির তালিকা প্রকাশ হলেই সব বিএলএ-২ ও বুথ সভাপতিদের নিয়ে বুথ-ভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠন করা হবে। পাশাপাশি, নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভারদের ডিইও-দের লগইন আইডি চাওয়ার বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি লিখেছেন এবং অভিষেক নিজেও দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করেছেন। তবুও সমস্যার সমাধান না হওয়ায় রবিবার প্রতিবাদ মিছিলের পাশাপাশি ফের নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা।

অভিষেকের কণ্ঠে বার্তা স্পষ্ট—“যতই হামলা হোক, বাংলা আবার জিতবেই।”