সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে সম্ভাব্য এক বড় নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। রাজস্থানের নাগৌর জেলার হারসৌর গ্রামে একটি ফার্মহাউস থেকে প্রায় ১০ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ১৮৭টি বস্তায় ভরা এই বিপুল পরিমাণ রাসায়নিক সাধারণত শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। ঘটনায় সুলেমান খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সূত্রের খবর পেয়ে শনিবার গভীর রাতে ওই ফার্মহাউসে অভিযান চালায় পুলিশ। গুদামে তল্লাশি চালিয়ে বিপুল অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি বিস্ফোরক তৈরির আরও সামগ্রী উদ্ধার হয়। এর মধ্যে রয়েছে ডিটোনেটর তৈরির ৯টি কার্টন, ব্লু ফিউজ তারের ৫ বান্ডিল এবং রেড ফিউজ তারের ৫ বান্ডিল (মোট ১২টি কার্টন)।
ধৃত সুলেমান খান ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে আগেও তিনটি মামলা রয়েছে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক কেন মজুত করা হয়েছিল—এ বিষয়ে সে সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেনি। তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো নেটওয়ার্ক ও উদ্দেশ্য জানার চেষ্টা চলছে। বিষয়টি কেন্দ্রীয় সংস্থাকেও জানানো হয়েছে; তারাও তদন্তে যুক্ত হতে পারে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দেশে বড়সড় কোনও নাশকতার পরিকল্পনা থাকতে পারে। উল্লেখ্য, গত নভেম্বরে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার আগে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল। পরবর্তী তল্লাশিতে আরও ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক মেলে, যার সঙ্গে দিল্লির ঘটনার যোগ পাওয়া যায়। সেই প্রেক্ষাপটে সাধারণতন্ত্র দিবসের আগে রাজস্থানে ১০ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।





