Header AD

‘সব অভিযোগ মিথ্যা’ দাবি করে স্মৃতি মান্ধানার বন্ধুর বিরুদ্ধে ১০ কোটির মানহানির মামলা পলাশের


স্মৃতি মান্ধানার ছোটবেলার বন্ধু বিদন্যান মানের তোলা একাধিক গুরুতর অভিযোগের জবাবে এবার আইনি পথে হাঁটলেন সুরকার পলাশ মুছল। বিদন্যানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে নিজেই সেই আইনি পদক্ষেপের কথা প্রকাশ্যে জানান পলাশ।

শনিবার সন্ধ্যায় ইনস্টা স্টোরিতে পলাশ লেখেন, তাঁর আইনজীবী শ্রেয়াংশ মিঠারের মাধ্যমে সাংলির বিদন্যান মানের কাছে ১০ কোটি টাকার মানহানি মামলার নোটিশ পাঠানো হয়েছে। পলাশের দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁর চরিত্র ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ অবমাননাকর।

উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশ মুছলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে যায়। এরপরই পলাশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন বিদন্যান মানে। তাঁর দাবি, বিয়ের দিন তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে পলাশকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এমনকী, ঘটনার পর ভারতের মহিলা ক্রিকেট দলের কয়েকজন সদস্য নাকি পলাশকে মারধর করেন বলেও অভিযোগ করেন বিদন্যান।

শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, আর্থিক প্রতারণার অভিযোগও তোলা হয়েছে পলাশের বিরুদ্ধে। বিদন্যান জানান, সিনেমা তৈরির নামে ২০২৪ সালে পলাশ তাঁর কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা নেন। পরে বাজেট বাড়ানোর অজুহাতে আরও টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে ফেরত না দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর। পলাশের পরিবার তাঁকে ব্ল্যাকমেল ও ভয় দেখিয়েছে—এমন দাবিও করেন তিনি।

যদিও বিদন্যানের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পলাশ মুছল। তাঁর বক্তব্য, এসব অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর। সেই কারণেই এবার আইনি লড়াইয়ে নেমে বিদন্যানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন তিনি।